রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
ড. আলীম বলেন, “গত ২০ সেপ্টেম্বর উপ-উপাচার্য ও কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস এবং রাকসুর নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আপাতত কর্মবিরতি স্থগিত করা হয়েছে। তবে দোষীদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব।”
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ছিল কর্মবিরতির ৫ম দিন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীরা পূজার ছুটিতে আগেই ক্যাম্পাস ছেড়ে বাড়ি ফিরে গেছে।
এর আগে বুধবার কর্মকর্তা-কর্মচারীরা তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের দাবিতে কয়েকজন শিক্ষার্থী লাঞ্ছিত করে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও রাবি অফিসার্স সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিল।

