সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
ভোলা জেলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি ও কথিত “ডাকাত সরদার” মো. কামাল হোসেন (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-৮।
গতকাল (শনিবার ) সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও অস্থায়ী র্যাব ক্যাম্প ভোলার যৌথ আভিযানিক দল কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের নিজ বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কামাল হোসেন একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূল অভিযুক্ত।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শহিদুল মাতুব্বর (৫৮) নামের এক তরমুজ চাষী ১৪ মার্চ ২০২৫ রাতে তরমুজ বিক্রির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা দেন। পরদিন ভোররাতে (১৫ মার্চ) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী এলাকায় তেতুলিয়া নদীতে ৭-৮ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রলারটি আক্রমণ করে।

