এল.মোহাম্মদ :শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী শমশ্চুড়া এলাকায় প্রকাশ্যে সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দুই লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে উপজেলা নন্নী ইউনিয়নের আব্দুর রহিম হাস্বুল (৩৫)নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২০ অক্টোবর) সকালে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার রাজমিস্ত্রী সাগর আলী শ্রমিকসহ দুটি সিএনজি রিজার্ভ নিয়ে কাজের উদ্দেশ্যে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নন্নী পশ্চিমপাড়া মাঠখোলা এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রহিম সহ চারজন দুর্বৃত্ত সিএনজি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে।
এ সময় দুর্বৃত্তরা শ্রমিকদের সঙ্গে থাকা ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাই করে যাওয়ার আগে তারা ঘটনাটি প্রকাশ করা হলে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাগর আলী নামে একজন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করে ।
পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতেই অভিযুক্ত প্রধান আসামি আব্দুর রহিম ওরফে হাম্বুলকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম ওরফে হাম্বুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশী অভিযান চলছে।

