লিমন মিয়া, সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণাধীন সড়কের ২২ ড্রাম পিচ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল লোক অস্ত্র ঠেকিয়ে ঠিকাদারের পাহারাদারকে জিম্মি করে ট্রাকযোগে পিচগুলো নিয়ে যায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, এলজিইডির বড়শরা ঠাকুরবাড়ি মোড় থেকে চেরাগ আলী মোড় পর্যন্ত সড়ক পাকাকরণ প্রকল্পের কাজ চলছে। ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ২০২৪–২৫ অর্থবছরের এ কাজের কার্যাদেশ পায় মেসার্স এম এস কাওসার অ্যান্ড ব্রাদার্স। তবে কয়েক হাত বদলের পর কাজটি বাস্তবায়ন করছেন ঢাকার ব্যবসায়ী হুমায়ুন কবীর।
মধ্যরাতে নির্মাণসামগ্রী রাখা স্থানে চারজন হেলমেটধারী লোক এসে পাহারাদার আনোয়ার হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে। কিছুক্ষণের মধ্যেই আরও ৭–৮ জন মুখোশধারী এসে একে একে ২২ ড্রাম পিচ ট্রাকে তুলে নেয়। পাহারাদারের চিৎকারে স্থানীয়রা জড়ো হলেও ততক্ষণে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। ড্রামগুলোর মূল্য প্রায় তিন লাখ টাকা।
উপজেলা এলজিইডির কার্যসহকারী নজরুল ইসলাম জানান, আগের দিন অজ্ঞাত এক ব্যক্তি এসে ঠিকাদারের বকেয়া টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হুমকি দেয়। পরদিনই পিচ উধাও হওয়ার খবর পাওয়া যায়।
সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার বলেন, মৌখিকভাবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিকাদারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

