(কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি):
শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ায় নদী ও পরিবেশকর্মীদের এক দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। “নদী বাঁচাও, জীবন বাঁচাও” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ঢাকার চারটি নদীকে দূষণ ও দখলমুক্ত করার জন্য বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমন্বিত প্রকল্প চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যা আগামী ডিসেম্বর মাসে অনুমোদন পাবে। তিনি বলেন, “শুধু শিল্প দূষণ বন্ধ করলেই হবে না; কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে নদীকে বাঁচানো সম্ভব। এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়।
দিনব্যাপী মিলনমেলায় নদীর গল্প, আড্ডা, মুক্ত আলোচনা, ছবি আঁকা এবং নদী-সংক্রান্ত গান পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীরা নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু ও পরিবেশ বিভাগের ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাস্সির হোসেন, BIWTA পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা।
মিলনমেলায় অংশগ্রহণকারীরা নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

