চলতি সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৭২৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা এসেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতি রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলেছে।
গত আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে মার্চ মাসে এককালীন সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে, যা ছিল ওই বছরের রেকর্ড।
২০২৪-২৫ অর্থবছরে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহের বিবরণ:
-
জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
-
আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
-
সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
-
অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
-
নভেম্বর: ২২০ কোটি ডলার
-
ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
-
জানুয়ারি: ২১৯ কোটি ডলার
-
ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
-
মার্চ: ৩২৯ কোটি ডলার
-
এপ্রিল: ২৭৫ কোটি ডলার
-
মে: ২৯৭ কোটি ডলার
-
জুন: ২৮২ কোটি ডলার
-
জুলাই (২০২৫): ২৪৭ কোটি ৮০ লাখ ডলার
-
আগস্ট (২০২৫): ২৪২ কোটি ২০ লাখ ডলার

