জাবেদ শেখ,(শরীয়তপুর প্রতিনিধি):
আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
এ উপলক্ষে আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উদ্যোগে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহানা আফরোজ, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোঃ রেহান উদ্দিন, সিভিল সার্জন শরীয়তপুর এবং মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক, শরীয়তপুর।
সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, শরীয়তপুর। ক্যাম্পেইন বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তা।
একই দিনে দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় জেলা প্রেস কনফারেন্স। সভায় সভাপতিত্ব করেন জনাব ডাঃ মোঃ রেহান উদ্দিন, সিভিল সার্জন শরীয়তপুর এবং অনুষ্ঠান পরিচালনা করেন জনাব ডাঃ আব্দুলাহির রাফি অঝর, SIMO, WHO। জেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ৪০ জন সাংবাদিক এই কনফারেন্সে অংশগ্রহণ করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শরীয়তপুর জেলায় এই টিকাদান কর্মসূচির আওতায় ৪ লক্ষ ২ হাজার ৮শ ৫৭ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকার জন্য এখনো যারা রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: www.vaxepi.gov.bd
১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
জনস্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পেইনকে সফল করতে প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যম একযোগে কাজ করছে।
উল্লেখ্য, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক সংক্রমণ, যা সময়মতো প্রতিরোধ না করলে জীবনহানির ঝুঁকি বাড়ে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

