বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন বহুদিন পর আবার একসঙ্গে পর্দায় ফিরছেন। তাদের প্রেম-জীবন ও বিচ্ছেদ দীর্ঘদিন সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সময়ের সঙ্গে তারা নিজেদের জীবনের নতুন অধ্যায় খুঁজে পেয়েছেন।
বিয়ের আগে তারা নিজেদের মধ্যে সব অমীমাংসিত বিষয় মিটিয়ে ফেলেছিলেন এবং সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’-র মাধ্যমে অনস্ক্রিন রসায়ন উপহার দিয়েছিলেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ ছিল তাদের শেষ একসঙ্গে কাজ। এরপর দশ বছর ধরে তারা পর্দায় একসঙ্গে দেখা যায়নি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন সিনেমার পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি আগে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মাধ্যমে তাদের জুটিকে সুপারহিট উপহার দিয়েছেন। নতুন ছবির চিত্রনাট্য রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’-র আধুনিক সংস্করণে অনুপ্রাণিত, তবে সঙ্গে বেশ কিছু নতুন টুইস্টও যোগ করা হয়েছে।
শোনা যাচ্ছে, রণবীর কাপুর এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার প্রযোজনা সংস্থার নাম ‘আরকে ফিল্মস’, যা কাপুর পরিবারের ঐতিহ্যকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করবে।
সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি থাকলেও, বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রি-প্রোডাকশন কাজ ইতিমধ্যেই চলছে। শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের শুরুতে। বড় বাজেটের এই ছবির দৃশ্যধারণ ভারতের পাশাপাশি একাধিক দেশে করা হবে বলে জানা গেছে।

