লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত ছবি ‘কুলি’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। হলে মুক্তির এক মাসের মাথায় ১১ সেপ্টেম্বর থেকে ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে এটি।
গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২০ দিনেই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫১০ কোটি রুপি আয় করে। তবে ওটিটিতে এত দ্রুত মুক্তি পাচ্ছে জেনে বিস্ময় প্রকাশ করেছেন অনেক দর্শক। কেউ বলছেন, সাধারণত ন্যূনতম ৮ সপ্তাহের ব্যবধান থাকে, আবার কেউ প্রশ্ন তুলছেন—এত তাড়াতাড়ি রিলিজ মানে কি ছবিটি গড়পড়তা ছিল নাকি?
অভিনয়শিল্পী ও কাহিনি
ছবিটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন নাগার্জুন, সোবিন শাহীর, শ্রুতি হাসান, সত্যরাজ, রচিতা রাম, উপেন্দ্র ও আমির খান। কাহিনিতে দেখা যায়, সাবেক কুলি ইউনিয়ন নেতা ডেভা (রজনীকান্ত) বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে জড়িয়ে পড়েন কার্টেল লর্ড সাইমন (নাগার্জুন) ও দাহারের (সোবিন শাহীর) সঙ্গে সংঘাতে।
সমালোচনা ও প্রতিক্রিয়া
দর্শকের মুখে মুখে জনপ্রিয় হয়ে বক্স অফিসে সফল হলেও সমালোচকেরা ছবিটির চিত্রনাট্য নিয়ে তেমন সন্তুষ্ট নন। তাঁদের মতে, লোকেশ কঙ্গরাজের দুর্বল কাজগুলোর একটি এটি। তবে রাজনীতির ছাপহীন স্টাইল, অ্যাকশন এবং রজনীকান্তের উপস্থিতিই ছবিটিকে টেনে নিয়েছে।
বিতর্ক
টিজার মুক্তির পর সংগীতশিল্পী ইলইয়ারাজা অভিযোগ করেছিলেন, তার পুরোনো একটি গান অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। এ নিয়ে মাদ্রাজ হাইকোর্টে শুনানি হলেও পরে বিষয়টি থেমে যায়।

