মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে সুগন্ধা নদীর তীরবর্তী অনুরাগ গ্রামে তিলক , এমআর, এসআরবি ও রিয়াজ ব্রিকস ভাটাসহ ৫টি অবৈধ ইটভাটাকে মোট ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় এস্কেভেটর দিয়ে ভাটার চুল্লি ভেঙে দেয়া হয়ছে। পরে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইট বিনষ্ট করে ভাটাগুলোর আগুন নিভিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি ও বরিশালের সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ লাভলী ইয়াসমিন। ভাটাগুলোর ছাড়পত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহে না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটা মালিকদের জরিমানা করে আদালত। পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা ভাটাগুলোর বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ রক্ষা এবং বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

