সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্ধার,হত্যা মামলা,সন্ত্রাস ও জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের জন্য নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে র্যাবের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনায় ঘাতক ট্রাকচালককে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-৯।
ঘটনার বিবরণে জানা যায়,নিহত ব্যক্তি ঢাকা জেলার ধামরাই থানাধীন কালিয়াগাড় এলাকার বাসিন্দা। তিনি ব্যবসায়িক কাজে শ্রীমঙ্গলে বন্ধুর বাড়িতে অবস্থান করছিলেন। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাজ শেষে বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে কালাপুর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন।
শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে ট্রাফিক জ্যামের মধ্যে পিছন দিক থেকে শ্রীমঙ্গলগামী একটি অজ্ঞাতনামা ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ভিকটিম গুরুতর আহত হন এবং চালক সামান্য আহত হন।
স্থানীয়রা দ্রুত আহত ভিকটিমকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২, শ্রীমঙ্গল,মৌলভীবাজার-এর একটি আভিযানিক দল শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) তারিখ সকাল ১১টা ২০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন সেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার মামলা নং-১২,তারিখ-১৭/১২/ ২০২৫, ধারা-৯৮/১০৫ (সড়ক পরিবহন আইন, ২০১৮)-এর আলোচিত ঘটনায় ঘাতক ট্রাকচালককে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় এবং দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জমশেদ মিয়া (৩০)। তিনি লয়লুস মিয়ার ছেলে এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত ট্রাক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেট-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

