দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-১৩।
আজ রোববার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের মূল গেটসংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় বাজারের একটি ব্যাগ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্র আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে র্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
দিনাজপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী উদ্ধারের সংবাদটি নিশ্চিত করেছেন।

