সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
জাতীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরসহ নেতা-কর্মীদের ওপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা সভাপতি অপু রায়হানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার।
এছাড়া জেলা সিনিয়র সহসভাপতি নাহিদা খানম, যুব অধিকার জেলা সভাপতি তানিম হোসেন রুহিন, ছাত্র অধিকার পরিষদ নেতা নুর আহমদ হাসান, কিবরিয়া আহমদ,রায়হান আহমদসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করে বলেন,রাজধানীতে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এতে বহুজন গুরুতর আহত হয়েছেন।
তাঁরা আরও বলেন,দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর কর্মসূচি দেওয়া হবে। ভিপি নূরের ওপর হামলা কেবল ব্যক্তিকে লক্ষ্য করে নয়,বরং জনগণের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

