ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থী এবং সব স্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই শাহবাগ এলাকায় মানুষ জড়ো হতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি আরও বৃদ্ধি পায়।
দুপুরের দিকে সেখানে ছাত্র-জনতার এক প্রকার ঢল নামে। বিক্ষোভের মধ্যেই শাহবাগ মোড়ে জুমার নামাজ ও আসরের নামাজ আদায় করা হয়। আন্দোলনের কারণে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই, সব স্তরের ছাত্র-জনতা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা নিহত নেতা ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, হত্যাকাণ্ডে যুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন।

