আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব এলেও তা গ্রহণ করা হয়নি। তবে জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য প্রায় ৩০০টি গাড়ি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত গাড়িগুলো ছিল মিতসুবিশি পাজেরো কিউএক্স–২৪২৭ সিসি মডেলের, প্রতিটির দাম প্রায় এক কোটি ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে এ খাতে ব্যয় হওয়ার কথা ছিল ১০১ কোটি ৬১ লাখ টাকা। প্রস্তাবে অর্থ মন্ত্রণালয় গত ২৪ আগস্ট সম্মতিও দিয়েছিল।
তবে ৪ সেপ্টেম্বর এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। অবশেষে সরকারিভাবে প্রস্তাবটি বাতিলের ঘোষণা এল।

