বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাসের প্রেম ও সংসার নিয়ে ভক্তদের কৌতূহল যেন শেষ হয় না। বিয়ের পর মার্কিন মুল্লুকে স্থায়ীভাবে থিতু হয়েছেন এই ‘বারফি’ অভিনেত্রী, কিন্তু তবুও তার সংসার এখনও বলিউডের আলোচনার বিষয়।
অনেকেই জানতে চান, সুদূর মার্কিন মুলুকের সংগীতশিল্পী নিকের প্রেমে কীভাবে মজেছিলেন বলিউডের প্রিয়াঙ্কা। সেই রহস্যের জট সম্প্রতি খুলেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার অনুষ্ঠান দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র চতুর্থ সিজনে অতিথি হিসেবে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। শোটির একটি প্রমো ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, যেখানে নিক জোনাসের সঙ্গে তার পরিচয়ের মজার স্মৃতি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে পা রেখেই কপিল শর্মার ফিটনেস দেখে অবাক হয়ে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন করেন, “তুমি এতোটা ফিট হলে কী করে?” রসিকতায় পটু কপিলও ছাড় দেননি। তিনি পাল্টা উত্তরে জানান, চারজন নায়িকার সঙ্গে একটি সিনেমায় অভিনয় করার কারণে তার এই গ্ল্যামার ও ফিটনেস।
আড্ডার এক পর্যায়ে কপিল প্রিয়াঙ্কাকে সরাসরি জিজ্ঞেস করেন, নিক জোনাসের সঙ্গে তার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল। দীর্ঘদিন ধরে ভক্তদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কপিল মজা করে জানতে চান, “আপনি কি চিঠির সেই পুরনো যুগে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?”
জবাবে প্রিয়াঙ্কা হেসে বলেন, “পায়রা নয়, তবে টুইটারের পাখির (বর্তমান এক্স) মাধ্যমেই আমাদের আলাপ শুরু হয়েছিল।” অর্থাৎ, সোশ্যাল মিডিয়া টুইটারেই তাদের সম্পর্কের সূত্রপাত। প্রিয়াঙ্কার উত্তর শুনে কপিল নিজের ভাগ্যকে দোষারোপ করে মজা করে বলেন, “আমিও তো টুইটারে আছি, কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!”

