কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মানববন্ধনে করা মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পৌরশহরের রূপনগর এলাকার আনোয়ার হোসেন কাজলের বাড়িতে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন কাজল বলেন, বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের হুমায়ুন ভূঁইয়া ও শামীম আহমেদ ১৭ অক্টোবর আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় মানববন্ধন করে তার নামে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আনোয়ার হোসেন কাজল অভিযোগ করেন, হুমায়ুন ভূঁইয়া ও শামীম আহমেদ তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন। তাদের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা আইনি বিরোধ নেই। ২০২০ সালে তিনি শামীম আহমেদের চাচি লাইলী বেগমের কাছ থেকে ৫৩ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমি ক্রয়ের পর থেকেই হুমায়ুন ভূঁইয়া তার বিরুদ্ধে শত্রুতা শুরু করেন। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও তারা মানববন্ধন করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি আরও বলেন, “আমি বৈধভাবে জমি ক্রয় করে খারিজ করেছিলাম। পরে খাজনা দিতে গিয়ে জানতে পারি খারিজটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা করেছি। কিন্তু হুমায়ুন ভূঁইয়া জাল দলিল তৈরি করে আমার নামে নানা অপপ্রচার চালাচ্ছেন। আমার নামে কোনো জবরদখল, মাদক বা অন্য কোনো অপরাধের মামলা নেই। তথাপি তারা মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজে হেয় করার চেষ্টা করছে।”
আনোয়ার হোসেন দাবি করেন, হুমায়ুন ভূঁইয়া স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক। তিনি একজন উগ্রপন্থী ও সমাজে অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি। “শামীম আহমেদ ও হুমায়ুন ভূঁইয়া চাচা-ভাতিজা। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই,” বলেন আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. রুস্তম ভূঁইয়া, আইয়ুবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

