রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন অনিয়মের অভিযোগে ছুটিতে থাকা হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ সেপ্টেম্বর বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেন।
গত ৩১ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। এর আগে, ২৬ আগস্ট অনিয়মের অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয় এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, জেলা জজ থাকাকালীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় দেন বিচারপতি আক্তারুজ্জামান।
গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতির অভিযোগ ও তৎকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে হাইকোর্টের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়।
কাউন্সিলের বর্তমান তিন সদস্য হলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

