ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। এর আগে লুক্সেমবার্গ একই সিদ্ধান্ত নেওয়ার পর এবার নতুন করে লিসবন যুক্ত হলো এই তালিকায়। খবর আল জাজিরার।
রবিবার এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।” এতে আরও বলা হয়, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠকের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আগামীকাল সোমবার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠক যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব।
দেশটির শীর্ষস্থানীয় দৈনিক কোরিও দা মানহা জানিয়েছে, প্রধানমন্ত্রী লুই মন্তিনিগ্রো এই সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করেন। দীর্ঘ ১৫ বছরের বিতর্কের পর অবশেষে পর্তুগিজ সংসদে ফিলিস্তিন ইস্যুতে সমঝোতা তৈরি হয়।
এর আগে গত জুলাইয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব থেকে সৃষ্ট সংঘাত ও মানবিক বিপর্যয় ঠেকাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল পর্তুগাল।

