স্টাফ রিপোর্টার:
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা।
কল্যাণ সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ অফিসার ও ফোর্সদের উত্থাপিত সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী ছুটি, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সুবিধা, মানসম্মত খাবার নিশ্চিতকরণসহ শৃঙ্খলা, নৈতিকতা ও জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
কল্যাণ সভার শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, পিরোজপুর জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, আরআই পুলিশ লাইন্স, রিজার্ভ অফিসের কর্মকর্তা, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

