ব্রাহ্মণবাড়িয় প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনির্দিষ্টকালের জন্য ওষুধের ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। সরকারি মহিলা কলেজ বিপণী বিথীর দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছে রোগী ও সাধারণ মানুষ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণী বিথীতে ১৪টি দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে বিপণী বিথীর দোকানগুলো উচ্ছেদের দাবি তোলেন কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিও পালন করেন তারা।
তবে ওষুধ ব্যবসায়ীরা বলছেন, সরকারি সব নিয়ম মেনে বৈধভাবে মহিলা কলেজ বিপণী বিথীতে ব্যবসা পরিচালনা করছেন তারা। হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দোকান উচ্ছেদ করা হবে মর্মে নোটিশ দিয়েছে, যা অন্যায় ও অমানবিক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলা শহরের সব ওষুধের দোকান বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের আশপাশের দোকানগুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সংগত সমাধান চাই।

