দোহায় ইসরায়েলি বিমান হামলার পর কাতারের উপ–প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সৌদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভি।
বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মুসাভি এই আলোচনায় কাতারের সরকার, জাতি ও সশস্ত্র বাহিনীকে আশ্বস্ত করেছেন যে, ইরানি জনগণ ও সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে।
গত মঙ্গলবার দোহায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলাটি গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাব পর্যালোচনার সময় হামাস নেতাদের লক্ষ্য করেছিল। মুসাভি বলেন, ইরান কাতারের ওপর হামলার দৃঢ় নিন্দা জানায় এবং কাতারকে সমর্থন করতে দ্বিধা করবে না। তিনি দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ইরান কাতারকে কখনও পরিত্যাগ করবে না।
মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন এবং অন্যান্য দেশের আগ্রাসন ইসরায়েলি শাসনকে শক্তিশালী করেছে। পশ্চিমাদের সমর্থন ছাড়া ইসরায়েল তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। তিনি আল থানিকে মহানবী হযরত মুহাম্মদের (সা.) জন্মবার্ষিকী উপলক্ষে অভিনন্দনও জানিয়েছেন।
এদিকে আল থানি ইরানের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইসরায়েলি সরকার কোনো নিয়ম বা আন্তর্জাতিক প্রোটোকল মানছে না এবং হামলা গাজা সংকটের শান্তিপূর্ণ সমাধানকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে চালানো হয়েছে।

