সিলেট প্রতিনিধি:
সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সেমিফাইনাল খেলায় নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল।
উপজেলা দলের অধিনায়ক জুবেল খান বৃহস্পতিবার রাতে তাজপুর বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, ২১ অক্টোবর জৈন্তাপুর দলের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে প্রিমিয়ার লীগ খেলোয়াড় নাজিম শিকদার অংশগ্রহণ করেছেন, যা জেলা ক্রীড়া সংস্থার বাইলজের ১২ নম্বর কলামের নিয়মের পরিপন্থী। বাইলজে উল্লেখ আছে, প্রিমিয়ার লীগ ও জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।
জুবেল খান আরও বলেন, “আমরা আমাদের দলে থাকা প্রিমিয়ার লীগ ও জাতীয় দলের খেলোয়াড়দের খেলতে দেইনি। তবে প্রতিপক্ষ দল নিয়ম ভেঙে খেলোয়াড় নামানোর কারণে আমরা লিখিত অভিযোগ জমা দিয়েছি। মাঠে বা অফিসে কোনো সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন না। পরে ক্রীড়া অফিসার নুর হোসেন বিষয়টি দেখেন এবং জানান যে বাইলজ পরে সংশোধন করা হয়েছে। কিন্তু আমরা তা মেনে নিতে রাজি নই।
ওসমানীনগর দল টুর্নামেন্টের উদ্দেশ্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা উল্লেখ করে প্রশ্ন তুলেছে, প্রিমিয়ার লীগ খেলোয়াড়দের অংশগ্রহণের অনুমতি কেন দেওয়া হলো।
অভিযোগের প্রেক্ষিতে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের কর্মকর্তারা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম-এর কাছে পরিস্থিতি তুলে ধরেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ফাইনাল খেলা স্থগিত রাখা হয়েছে।
দলের কোচ আলী আমজদ নুনু বলেন, “আমাদের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। আশ্বাস দেওয়া হয়েছিল অভিযোগের সত্যতা মিললে পূর্ণ ৩ পয়েন্ট দেওয়া হবে। আমরা আশা করি ডিসি মহোদয় ন্যায্য সিদ্ধান্ত দেবেন।
টিম ম্যানেজার জয়নাল আবেদীন বলেন, “উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভ রয়েছে। ডিসি মহোদয় যে সিদ্ধান্ত দেবেন, আমরা তা মেনে নেব।

