রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যেই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
বেলা ১১টা ৪৫ মিনিটে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দুপুর ১টার দিকে মরদেহ জানাজাস্থলে আনা হয়।
সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে।
বিপুল জনসমাগম সামাল দিতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ, র্যাব ও বিজিবি। ডিএমপি’র পক্ষ থেকে ১০০০ বডি ওর্ন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন।
দাফন: মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

