ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
ফ্লাইটটি সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটি আজ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. শফিকুর রহমান বলেন,
“আমাদের ফ্লাইট বিজি-৫৮৫ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুর ত্যাগ করেছে এবং শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে। মরদেহ সম্মানজনক ও নির্বিঘ্নভাবে দেশে ফিরিয়ে আনতে বিমান কর্তৃপক্ষ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
শরিফ ওসমান হাদির সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাজনৈতিক অঙ্গন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোক সৃষ্টি করেছে।
ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আল্লাহ তাআলা ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে শহীদ হিসেবে কবুল করেছেন।
সংগঠনটি আরও জানায়, শনিবার জোহরের নামাজের পর ঢাকার মানিক মিয়া এভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পর শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

