গণঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বর্তমানে শারীরিকভাবে কিছুটা দুর্বল অবস্থায় আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে এখন সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখা প্রয়োজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নুরের ব্যক্তিগত ফেসবুক থেকে এই তথ্য জানানো হয়।ফেসবুক পোস্টে বলা হয়েছে, নুরের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে একান্ত পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন। হাসপাতালে নেতাকর্মী ও দর্শনার্থীদের ভিড়ে তার চিকিৎসার পরিবেশ ব্যাহত হচ্ছে।
দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদেরকে অনুরোধ করা হয়েছে, নুরের সুস্থতার জন্য প্রার্থনা করবেন, কিন্তু হাসপাতালে এসে ভিড় করবেন না।
এর আগে, ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে নুরসহ অন্তত ৫০ জন আহত হন।
প্রাথমিকভাবে নুরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেকের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

