ভারতের প্রভাবশালী ও বলিউড পরিবারগুলো এখনো পুত্রসন্তান চায় বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তার মতে, পুত্রসন্তান চাওয়ার ক্ষেত্রে শিক্ষিত বা অশিক্ষিত, ধনী বা স্বল্প-ধনশালী—সবাই একই মনোভাব পোষণ করেন।
এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “আজও কন্যাসন্তান চাওয়া হয় না। শিক্ষিত ও প্রগতিশীল পরিবারও মনে মনে কন্যা হলে সন্তুষ্ট হন না। প্রথম কন্যাসন্তান হলে মানিয়ে নেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার কন্যা হলে বিশেষত বড় পরিবারে অসন্তুষ্টি লক্ষ্য করা যায়।”
তিনি আরও উল্লেখ করেন, এ প্রবণতা শুধু সাধারণ পরিবারে নয়, অভিনেতা-অভিনেত্রী ও বড় পরিবারেও দেখা যায়। কঙ্গনার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এক অনুরাগী মন্তব্য করেন, “যারা বেশি ধনী, তারাই বেশি গোঁড়া মনোভাব পোষণ করে। আমি এমন একটি স্বচ্ছল দম্পতিকে চিনি যারা ব্যাংকক থেকে দুবাই পর্যন্ত গিয়ে প্রার্থনা করেছিলেন, যেন তাদের পুত্রসন্তান হয়। দুই কন্যাসন্তান হলে তারা দুঃখে ভুগেছিলেন।”

