ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাজ্জাত আলী জানান, ভোটগ্রহণ ও গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল প্রকাশ করা হবে। গত কয়েক মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোট সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোও ইতোমধ্যে জানিয়েছে যে ফলাফল যাই হোক, তারা তা মেনে নেবে। ফলে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই।
ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই ফলাফল গ্রহণ করাই স্বাভাবিক বিষয়।

