রাশিয়ার সাখালিন দ্বীপপুঞ্জের কাছে সেভেরো-কুরিলস্ক এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্পের পর তিনটি সুনামি ঢেউ আঘাত হেনেছে। এই ঘটনায় শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুনামির তৃতীয় ঢেউটি ছিল সবচেয়ে ভয়াবহ। এটি বন্দর এলাকায় জলোচ্ছ্বাস সৃষ্টি করে এবং কিছু জাহাজকে গভীর সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। এতে বন্দর ও আশপাশের এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
প্রায় দুই হাজার মানুষের বসবাসকারী এই ছোট শহরের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য একটি পার্শ্ববর্তী পাহাড়ে জড়ো হয়েছেন। তারা জানিয়েছেন, সুনামির প্রভাব না কাটা পর্যন্ত সেখানেই থাকবেন।
এদিকে ভূমিকম্পের কারণে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও জরুরি বিভাগ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

