২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে এখন আর মাত্র ছয় মাস বাকি। তার আগেই ব্রাজিল জাতীয় দলকে প্রস্তুত করবেন কোচ কার্লো আনচেলত্তি। তবে আসন্ন বিশ্বকাপের দলে নেইমারের থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সেই সংশয়ের ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার-এ অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিশ্বকাপের ড্র। তুলনামূলকভাবে সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। একই দিন নিজের দল এবং নেইমারের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন কোচ আনচেলত্তি।
নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে থাকার বিষয়ে আনচেলত্তি বলেন,
“যদি নেইমার স্কোয়াডে থাকা প্রাপ্য হয়, যদি সে শারীরিকভাবে অন্যদের চেয়ে ভালো অবস্থায় থাকে, তবে সে বিশ্বকাপে খেলবে। তবে আমি কারও কাছে ঋণী নই। নেইমারকে নিয়ে কথা বলার পাশাপাশি আমাদের অন্য খেলোয়াড়দের নিয়েও সমানভাবে আলোচনা করতে হবে।”
তিনি আরও বলেন,
“আমাদের নেইমারসহ বা নেইমারবিহীন ব্রাজিলকে কল্পনা করতে হবে। একইভাবে অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে কিংবা তাকে ছাড়া দলকে ভাবতে হবে। মার্চে ফিফা ফিক্সচারের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব।”
আনচেলত্তি জানান, তাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক, শীর্ষ পর্যায়ের ডিফেন্ডার, মিডফিল্ডার এবং স্ট্রাইকার রয়েছেন। তবে তিনি এমন খেলোয়াড় চান না, যারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে সেরাদের মধ্যে হতে চায়; তিনি চাইছেন এমন খেলোয়াড়, যে বিশ্বকাপ জেতার মানসিকতা রাখে।
গ্রুপ পর্বের ড্র নিয়েও কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন,
“আমরা তিন ম্যাচের সবকটিতে জিততে চাই। আমাদের ধারণা পরিষ্কার। পুরো বিশ্বকাপজুড়ে আমাদের প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা থাকতে হবে। আমাদের লক্ষ্য ফাইনাল খেলা এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে।”

