শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সরকার ইতিমধ্যে প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন করেছে।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা বলেন, “ভোলার প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এত গ্যাস মজুদ নেই। আমরা এই গ্যাসকে দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই সার কারখানার কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, নতুন কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে, যা প্রকল্পের সময় এবং ব্যয় উভয়ই কমাবে। পরিদর্শনে পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগের সুবিধা বিবেচনা করা হয়েছে।
পরিদর্শনে শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-দলও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার কৃষিখাতে সার উৎপাদনের সক্ষমতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ভোলায় এই কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।

