জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও বিব্রতকর মন্তব্য করার অভিযোগে শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৪ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নতুন করে গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে অভিযোগটি সত্য বলে প্রতীয়মান হওয়ায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না— সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে জাতীয় নাগরিক কমিটি গঠনের পর শিরীন আক্তারকে উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব দেওয়া হয়। তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

