সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১২৫ আসনে প্রার্থীর প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,এবারের নির্বাচনকে তারা “ব্যালট রেভল্যুশন” হিসেবে দেখছেন। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালাতে এবং দলীয় প্রতীক ‘শাপলা কলি’ জনগণের কাছে তুলে ধরতে প্রার্থীদের নির্দেশনা দেন তিনি।
প্রথম ধাপে সিলেট বিভাগের পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা হলেন:-
সিলেট-১: এহতেশাম হক
সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিলেট-৪: মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪: প্রীতম দাশ
হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক
এদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মৌলভীবাজার-৪ আসনে এনসিপির মনোনয়ন পাওয়া প্রীতম দাশ,যাকে তরুণ ভোটারদের কাছে একটি নতুন মুখ হিসেবে দেখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারামজানান,দেড় হাজারেরও বেশি প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন,এবং চূড়ান্ত তালিকায় “ব্যতিক্রমধর্মী প্রার্থী” দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন পাওয়া প্রীতম দাশ বলেন,
“মৌলভীবাজারের মানুষের জন্য একটি বাস্তবসম্মত ও উন্নয়নমুখী উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামছি। তরুণদের নেতৃত্বে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েই এনসিপি ব্যালট রেভল্যুশনের কথা বলছে। আমি বিশ্বাস করি,জনগণ চাইলে এই আসন জাতীয় রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।”
তিনি আরও বলেন,
“মৌলভীবাজারের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা-যোগাযোগ ব্যবস্থা,কর্মসংস্থান,কৃষির আধুনিকায়ন ও স্বাস্থ্যসেবা-এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে একটি কার্যকর পরিকল্পনা নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

