অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হওয়ার আগেই দেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও কলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাসস এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূস বলেন, বিশ্বাসযোগ্য ও সময়মতো নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের পর তিনি নিজের পূর্ববর্তী পেশায় ফিরে যাবেন।
আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, তখন আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।”
প্রধান উপদেষ্টা জানান, সরকার ব্যাংকিং খাত সংস্কার ও রাজস্ব আদায় বাড়াতে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। তার ভাষায়, “আমরা একেবারে বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অনেকে আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা নিয়ে ব্যাংক থেকে পালিয়েছে।”
আলোচনায় নেপালের চলমান যুব আন্দোলন, আসিয়ানভুক্ত হওয়ার বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয়।
এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

