বলিউডে কাস্টিং কাউচ প্রথা নতুন কিছু নয়। সেলিব্রিটি হওয়ার আশায় অনেকেই নিরবে এটি মান্য করেন। তবে সাম্প্রতিক সময়ে এই প্রথা অনেকটাই কমেছে এবং অনেক অভিনেত্রী এই জঘন্য প্রথার বিরুদ্ধে মুখ খুলছেন।
এবার এই ওপেন সিক্রেট নিয়ে মুখ খুলেছেন বলিউডের বাঙালি অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি পডকাস্টে তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে একটি বিজ্ঞাপনের জন্য কাস্টিং ডিরেক্টরের আচরণ তাকে আজও কষ্ট দেয়।
পডকাস্টে মৌনী বলেন, “বলিউডে সাধারণভাবে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এক বিজ্ঞাপনের শুটের জন্য কাস্টিং ডিরেক্টর এমন ব্যবহার করেছিলেন যা ভুলে যাওয়া যায় না।”
তিনি আরও জানান, “শুটের জন্য আমাকে একটি দৃশ্য বোঝাচ্ছিলেন, যেখানে নায়িকা সুইমিংপুলের পানিতে ডুবে যাচ্ছিল এবং নায়ক তাকে বাঁচাতে মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ দিচ্ছিল। কিন্তু সেই দৃশ্য বোঝাতে গিয়ে তিনি সত্যিই আমাকে মাটিতে ফেলে আমার মুখে মুখ ঢুকিয়ে দিয়েছিলেন। পুরো ঘটনায় আমার ঘেন্না লেগেছিল, কাঁদতেও শুরু করেছিলাম। আজও সেই স্মৃতি মনে পড়লে বিরক্তি লাগে।”
মৌনীর অভিনয় ক্যারিয়ার শুরু হয় টেলিভিশন থেকে। ‘নাগিন’ ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে তিনি নজর কাড়েন। একতা কাপুরের বালাজী ফিল্মসের হাত ধরে তিনি ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘কস্তুরি’, ‘দেব কা দেব মহাদেব’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন।
মৌনীর সিনেমা যাত্রা শুরু হয় ২০১৮ সালের ‘গোল্ড’ দিয়ে। প্রথম ছবিতে সুপারস্টার অক্ষয়ের বিপরীতে অভিনয় করে আলাদা নজর কাড়েন। এরপর তিনি ‘রোমিও আকবর ওয়াল্টার’ এবং ‘মেড ইন চায়না’ ছবিতেও অভিনয় করেছেন।

