সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
ঢাকার রাজারবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমিটরি থেকে একজন পুলিশ কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি আফতাব উদ্দিন রিগ্যান (৩৭),যিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ইউনিটে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ না পাওয়া গেলে সহকর্মীরা বিষয়টি লক্ষ্য করেন। পরে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আফতাব উদ্দিন ২০১৭ সালে ‘৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই’ হিসেবে যোগদান করেন। বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার হামিদপুর গ্রামে। ছয় মাস আগে তিনি বিয়ে করেন। প্রশিক্ষণে থাকার সময় তিনি ডিটিএসের ডরমিটরিতে সহকর্মী এক এসআই-এর সঙ্গে থাকতেন।
সহকর্মীরা জানান,সাম্প্রতিক সময়ে আফতাবকে কিছুটা চিন্তিত মনে হতো। ব্যক্তিগত বিষয়ে কিছু সমস্যা থাকলেও তা তিনি বিস্তারিত জানাননি। ঘটনার পর সমস্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পল্টন থানার কর্মকর্তারা জানান,মৃত্যুর কারণ জানতে তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

