সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ২০ শতাংশ,চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তারা ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌর শহরের স্টেশন চৌমুহনী এলাকায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি স্টেশন চৌমুহনীতে এসে মানববন্ধনে মিলিত হয়।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন;শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক,মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান,রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার,ইউসুফ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ এ এন এম আলম,বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বক্তারা বলেন,শিক্ষা মন্ত্রণালয়ের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব আন্দোলনরত শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া,১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বক্তারা আরও বলেন,“শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে।”
তাদের অভিযোগ,ন্যায্য দাবি না মানায় শিক্ষক সমাজ আজ শ্রেণিকক্ষের বদলে রাজপথে নেমেছে। যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন,তাদের প্রতি অবহেলা জাতির জন্য লজ্জাজনক। বক্তারা দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

