সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
হবিগঞ্জ মোটর মালিক সমিতির পক্ষ থেকে মৌলভীবাজার জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
রোববার (০৯ নভেম্বর) দুপুরে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক ফয়জুল করিম ময়ুন,সদস্য সচিব ও জেলা বাস-মালিক সমিতির নেতা আব্দুর রহিম রিপন এবং জেলা অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমসহ বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিকরা অংশ নেন।
সম্প্রতি সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর হবিগঞ্জ জেলায় বাস চলাচল বন্ধের দাবি ওঠে।
পরবর্তীতে মৌলভীবাজারের সাবেক এমপি এম নাসের রহমান ওই ঘটনার প্রেক্ষিতে বক্তব্য দেন। তার সেই বক্তব্যকে কেন্দ্র করে হবিগঞ্জ মোটর মালিক সমিতির কিছু নেতা মৌলভীবাজার জেলাকে “বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার” হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতি গণঅবস্থান কর্মসূচি পালন করে। বক্তারা বলেন,মৌলভীবাজার বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ-কোনো সংগঠন বা ব্যক্তি এটি নিয়ে প্রশ্ন তুলতে পারে না।
তারা আরও বলেন,দুই জেলার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একইসঙ্গে উত্তেজনাপূর্ণ বক্তব্য ও উসকানিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জানান তারা।

