মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চা খেতে গিয়ে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে দ্রুত অভিযানে পুলিশের তৎপরতায় চুরি হওয়া মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার ডুগডুগি বাজারে নিজের মোটরসাইকেলটি একটি বেকারির সামনে রেখে চায়ের দোকানে যান মাসুদ রেজা। প্রায় পনেরো মিনিট পর ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি আর নেই। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়দের জানালে খবর ছড়িয়ে পড়ে এলাকায়।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাগলা বাজার এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ নাইমুর রহমান সিহাব (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাটের ফেবতেরা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি নাজমুল হক) বলেন, “চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মালিকের অভিযোগে মামলাও নেওয়া হয়েছে। সোমবার আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।”

