পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর এখন ঢাকায় পৌঁছেছেন। সম্প্রতি হিট ড্রামা ‘মীম সে মহব্বত’-এ অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে প্রথম সারির পছন্দের অভিনেতা হিসেবে উঠে এসেছেন।
ঢাকায় আসার মূল উদ্দেশ্য একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তার আগমনে ভক্ত ও অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আহাদ রাজা মীর বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিত পাকিস্তানি টিভি নাটকের মাধ্যমে। বিশেষ করে ব্লকবাস্টার সিরিয়াল ‘এহদ-এ-ওয়াফা’ তাকে এ দেশে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিপুল পরিচিতি পান এবং সেই চরিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’ এবং ওয়েব সিরিজ ‘ধূপ কি দীওয়ার’।

