টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর দীর্ঘদিনের প্রেমকে পরিণয়ে রূপ দিতে চলেছেন। বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তিনি। আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁদের বিয়ের জমকালো আনুষ্ঠানিকতা।
‘গতকাল রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের চমকে দেন মধুমিতা। ছবিতে দেখা যায়, এই যুগল একে অপরকে আংটি পরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে মধুমিতা ছোট করে কিন্তু ভীষণ আবেগ দিয়ে লিখেছেন— ‘শুধুই আমার’। ছবিগুলো পোস্ট করার পরপরই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।
মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিনয়ের জগতের বাইরের মানুষ হলেও মধুমিতার সঙ্গে তাঁর চমৎকার বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনেই ভ্রমণপছন্দ করেন, যা তাঁদের সম্পর্ককে আরও গভীর করেছে বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজনে থাকবে ঐতিহ্যের ছোঁয়া। ২৩ জানুয়ারি কলকাতার বিখ্যাত বারুইপুর রাজবাড়িতে হবে বিয়ের মূল আয়োজন। ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিয়ের দিন দুজনেই খাঁটি বাঙালি সাজে ও ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।
এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর নিজেকে গুছিয়ে নিয়ে এবং ক্যারিয়ারে মন দিয়ে দীর্ঘ বিরতি শেষে দেবমাল্যর হাত ধরে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন ‘পাখি’ খ্যাত এই অভিনেত্রী।

