ঢাকার সাভারের শোভাপুরসহ তেতুলঝোড়া ইউনিয়নের তিন এলাকায় জলাবদ্ধতার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন।
আন্দোলনকারীরা জানান, অল্প বৃষ্টি হলে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। এতে শুধু সড়কে পানি জমে না, অনেক ঘরবাড়িতেও বৃষ্টির পানি প্রবেশ করে, ফলে সাধারণ মানুষের জীবনযাপন মানবেতর হয়ে ওঠে। তারা দ্রুত পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ এবং দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, “মঙ্গলবার রাতের বৃষ্টির কারণে রাজফুলবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। অবরোধের কারণে সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রী ও যানবাহন প্রায় এক ঘণ্টা আটকা পড়ে ভোগান্তির মুখে পড়েছে।”

