ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার একটি সিংহ তার খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, সিংহটি চিড়িয়াখানার ভেতরের সীমানার মধ্যেই রয়েছে।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।
পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, “সিংহটি চিড়িয়াখানা থেকে হারিয়ে যায়নি, এটি চিড়িয়াখানার ভেতরের সীমানার মধ্যেই আছে। আমরা এর গতিবিধি লক্ষ্য করছি এবং ধরার চেষ্টা করছি।”
তিনি আরও জানান, সিংহটি বেরিয়ে যাওয়ার পরপরই ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপদে বাইরে বের করে দেওয়া হয়েছে।
সিংহটি কীভাবে খাঁচা থেকে বের হলো—এই প্রশ্নের জবাবে পরিচালক আশঙ্কা প্রকাশ করে বলেন, “হয়তো তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এমন কিছু নেই। ধারণা করা হচ্ছে, দরজা দিয়েই তার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।”
এই ঘটনা তদন্তের জন্য রাতেই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।
বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ রয়েছে।

