রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) দিনের প্রথমার্ধে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাওয়ায় স্বস্তি পেতে পারেন নগরবাসী।
তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

