স্টাফ রিপোর্টার:
তারুণ্যের আলো যুব সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সদরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারুণ্যের আলো যুব সংগঠনের সভাপতি মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. ইমারত হোসেন বাচ্চু এবং তারুণ্যের আলো যুব সংগঠনের উপদেষ্টা আবু বক্কার সিদ্দিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম তরুণ সমাজকে আরও ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে।
পরে সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

