বলিউড কিং শাহরুখ খান সম্প্রতি ভারতের বিভিন্ন হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং শান্তির আহ্বান জানিয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) মুম্বাইয়ে ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে তিনি বলেন, “২৬/১১ হামলা, পহেলগাঁও এবং দিল্লিতে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। দেশ রক্ষায় যারা শহীদ হয়েছেন, তাদেরও প্রণাম।”
শাহরুখ বলেন, “যদি কেউ আপনার কাছে জানতে চায়, আপনি কী করেন, সগর্বে বলুন, আমি দেশকে রক্ষা করি। যদি কেউ আপনার আয় জিজ্ঞাসা করে, ঠোঁটের কোণে হাসি দিয়ে বলুন, আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি। আর যখন কেউ ভয়ের প্রশ্ন তুলবে, তাদের চোখের দিকে তাকিয়ে বলুন, যারা আমাদের আক্রমণ করে, তারাই ভয় পায়।”
তিনি আরও বলেন, “আসুন আমরা সকলে মিলে শান্তির পথ খুঁজি। জাতি, ধর্ম বা বৈষম্য ভুলে মানবতার পথে চলি, যাতে দেশের শান্তির জন্য আমাদের বীর শহীদদের ত্যাগ বৃথা না যায়।”

