গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-এর শেষ কার্যকর নৌযান দ্য ম্যারিনেট ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনি উপকূলের কাছাকাছি পৌঁছালে ইসরায়েলি কমান্ডোরা বলপ্রয়োগ করে জাহাজটিতে প্রবেশ করে এবং নিয়ন্ত্রণ নেয়। পোল্যান্ডের পতাকাবাহী এই জাহাজে ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তুর্কি অধিকারকর্মী সিনান আকিলতু অন্যতম।
লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি বাহিনী জাহাজটির উপর দখল প্রতিষ্ঠা করছে। এর আগে যাত্রীরা এক ভিডিও বার্তায় বলেন, “আমরা এখন উচ্চ ঝুঁকির এলাকায়। আল্লাহর ইচ্ছায় আমরা দুটি মহৎ পরিণতির যেকোনো একটির দিকে এগোচ্ছি।”
ফ্লোটিলা আয়োজকদের দাবি, নৌবহরের ৪২টি জাহাজ আগেই আটক করা হয়েছে এবং আরোহীরাও আটক রয়েছেন। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত দ্য ম্যারিনেট এগিয়ে যায়। আয়োজকরা একে “ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার প্রতীক” হিসেবে অভিহিত করেছিলেন।

