ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। আজকের মধ্যেই প্রতিটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের জন্যও আজ সরে দাঁড়ানোর শেষ সুযোগ। একই সঙ্গে জোটগত আসন সমঝোতা বা অসম্পন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করার সময়সীমাও আজ শেষ হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন। কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী থাকলে দলীয়ভাবে একজনকে চূড়ান্ত করে রিটার্নিং অফিসারকে জানাতে হবে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা চাইলে আগামীকাল পর্যন্ত তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এর আগে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরে আপিলে চার শতাধিক প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পান। সব মিলিয়ে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা প্রায় আড়াই হাজারের কাছাকাছি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

