রিপন মারমা, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন এলাকায় পাচারের সময় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাপ্তাই ব্যাটালিয়ন-৪১। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নেতৃত্বে টহল দল কাপ্তাই উপজেলার বটতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করা হয়। এর মধ্যে রয়েছে—
‘ওরিস’ ৩,৫০০ প্যাকেট
‘ইজি লাইট’ ১৫,২৩২ প্যাকেট
‘প্যাট্রন’ ১৭,৫০০ প্যাকেট
জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
কাপ্তাই বিজিবি সূত্র জানায়, জব্দ করা সিগারেট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

