শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। এ দিন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি।
সেনাকুঞ্জে পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। অনুষ্ঠানে তিনি হুইল চেয়ারে বসে প্রবেশ করেন এবং হাত তুলে অভ্যর্থনায় সাড়া দেন। অনুষ্ঠানের সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে খালেদা জিয়া গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গাড়িবহরের সঙ্গে উপস্থিত ছিলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং হাফিজ উদ্দিন আহমেদও অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শুরু হয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আগমনের পর, বিকেল ৪টার পর। সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করছে।

